নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে র্যাব-১১ এর মাদকবিরোধী অভিযান
।
৭০.৫ কেজি গাঁজাসহ সাজিবুর রহমান নামে এক কুখ্যাত মাদকের আড়তদার গ্রেফতার।
মাদক সিন্ডিকেটের শেল্টারদাতাদের অনুসন্ধানের দাবি।
.............................................................................
নারায়ণগঞ্জের রূপগঞ্জে র্যাব-১১ এর অভিযানে ৭০.৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩ ডিসেম্বর ২০২৫) রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বড় আলু পাড়াগাঁও এলাকায় র্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা নজরদারি ও পর্যালোচনায় জানা যায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ এলাকায় একটি সংঘবদ্ধ চক্র বিপুল পরিমাণ মাদক মজুত করে পাচারের প্রস্তুতি নিচ্ছে।
রাত ১০টা ১০ মিনিটে র্যাব সদস্যরা বড় আলু পাড়াগাঁওয়ের একটি বাড়িতে অভিযান চালিয়ে সাজিবুর রহমান (৬১) কে হাতেনাতে আটক করে।
তার বসতঘর থেকে ৭০.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সাজিবুর রহমানের বাড়ি একই এলাকায়; পিতা মৃত রহমতউল্লাহ আড়ৎদার, মাতা মৃত জয়বুরনেছা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজিবুর জানান, তিনি একটি বৃহৎ মাদক চোরাচালান সিন্ডিকেটের সক্রিয় সদস্য।
দীর্ঘদিন ধরে সীমান্ত অঞ্চল থেকে বড় পরিমাণ মাদকের চালান বিভিন্ন কৌশলে সংগ্রহ করে পুরো নারায়ণগঞ্জ জেলা সহ ঢাকা ও তার আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন।
আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা নিয়মিত অবস্থান পরিবর্তনসহ বিভিন্ন কৌশল অবলম্বন করত বলে জানা গেছে।
স্থানীয় সচেতন মহলসহ আইন শৃঙ্খলা সংশ্লিষ্টরা মনে করেন: মাদক ব্যবসা একা পরিচালনা করা সম্ভব নয়;
এর পেছনে সবসময়ই থাকে একটি শক্তিশালী শেল্টারদাতা চক্র।
তাই শুধুমাত্র গ্রেফতারকৃত আসামি নয়, তার মোবাইল নম্বর, কল লিস্ট, যোগাযোগ চক্র, আর্থিক লেনদেন এবং কল ট্র্যাকিং-এর মাধ্যমে পুরো সিন্ডিকেট চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তারা।
মাদকের মতো ভয়াবহ সামাজিক অপরাধ নির্মূলে শুধুমাত্র গ্রেফতার নয়, বরং পুরো নেটওয়ার্ক ধ্বংস করাই এখন সময়ের দাবি।
গ্রেফতারকৃত সাজিবুর রহমানের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
পরবর্তী তদন্তে মাদকের উৎস, পরিবহন রুট, শেল্টারদাতাদের পরিচয় এবং অর্থায়নকারীদের ভূমিকা আরও স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।
