তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কাপ্তাইয়ে গরু মোটাতাজাকরণ বিষয়ক অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ
ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি:
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে গরু মোটাতাজাকরণ বিষয়ক অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সোমবার ( ১ ডিসেম্বর) বেলা ৩ টা হতে ৪ টা পর্যন্ত কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন। এসময় তিনি বলেন, তরুণ সমাজ পারে রাষ্ট্রকে একটি উন্নত জায়গায় নিয়ে যেতে। মেধাভিত্তিক এবং দক্ষভিত্তিক সমাজ গঠনে তরুনদের বিকল্প নেই। কৃষি, মৎস্য, বিদ্যুৎ সহ সব সেক্টরে তরুণরা অংশ নিয়ে বিপ্লব সৃষ্টি করেছেন।
কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন এর সভাপতিত্বে কোর্স সমন্বয়কারী উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো: খায়রুল আলম এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, সাংবাদিক মাহফুজ আলম এবং আশিকার ফিল্ড অফিসার রিতা চাকমা।
সনদপত্র বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের মধ্যে বক্তব্য রাখেন যুবক মো: ইউসুফ।
পরে প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া ৩০ জন যুব যুবতীর মাঝে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি।
