পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগ: কাপ্তাই নারানগিরি মুখ পাড়া ভাঙ্গন রোধে আরসিসি ব্লক স্থাপন

প্রকাশিত: 19 Nov 2025, 22:07
ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের নারানগিরি মুখ পাড়ায় দেড় শতাধিক লোকের বসবাস। এ পাড়ায় আছে রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা ইনিস্টিউট, উপজেলা ভেটেরিনারি হাসপাতাল এবং উপজেলা পশু সম্পদ কর্মকর্তার কার্যালয়। কিন্তু বিগত দুই দশকের অধিক সময় হতে নারানগিরি ছড়ায় বর্ষা মৌসুমে উজানের ঢলের কারনে প্রতি বছর পাড়া ভেঙ্গে যাচ্ছে। ২০২২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত চারটি পরিবারের ঘর ও বসতভিটা ছড়া ভাঙ্গনে বিলীন হয়ে গেছে। এলাকার এই ভাঙ্গনরোধে এগিয়ে এসেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ডের রাঙামাটি ও চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী প্রকৌশলী তয়ন ত্রিপুরা বলেন, বিগত ২০২৪ সালে এই এলাকার ভাঙ্গনরোধে একটি প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড। প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে ঐ পাড়ার ভাঙ্গন রোধে ৫০ মিটার অংশে আরসিসি ব্লক দিয়ে ভাঙ্গন রোধে কাজ চলমান রয়েছে। এই পর্যন্ত কাজের ৯০% সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বরে সম্পূর্ণ কাজ শেষ হবে। তবে পরবর্তীতে ঐ পাড়া রক্ষায় কর্ণফুলি খালের মুখ পর্যন্ত আরোও ৩০০ মিটার আরসিসি ব্লক নির্মাণ করা হবে। এদিকে গত মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে ঐ এলাকায় সরজমিন গিয়ে দেখা যায়, আরসিসি ব্লক নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। এসময় কথা হয় এলাকার পাড়া প্রধান নুসিং কার্বারীর সাথে। তিনি বলেন, কাজের গতি পরিস্থিতি দেখে আমি সন্তুষ্ট। স্থানীয় শিক্ষক মংহলাচিং মারমা বলেন, কাজের অগ্রগতি দেখে আমরা পাড়াবাসী অত্যন্ত আনন্দিত। পাশাপাশি ইউনিয়নের গুরুত্বপূর্ণ পাড়া নারানগিরি মুখ পাড়ায় উপজেলা ভেটেরিনারি হাসপাতাল, নারানগিরি মুখ মসজিদুল আকসা মসজিদ এবং নারানগিরি মৈত্রী ক্লাব রোধে আরো দুই 'শ ফুট আরসিসি ব্লক দিয়ে ভাঙ্গন রোধের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে দাবী জানাই।। ছবির ক্যাপশন: রাইখালী ইউনিয়ন এর নারানগিরি মুখ পাড়া ভাঙ্গন রোধে আরসিসি ব্লক স্থাপন। গত মঙ্গলবার বিকেলে তোলা ছবি।
📘 ফেসবুক ▶️ ইউটিউব