সিলেটে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ গাড়ি পুড়ে ছাই —৩ কোটি টাকার ক্ষতি
সিলেটে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে গাড়ি মেরামতের একটি দোকানসহ তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে এক্স নোহা, মাইক্রোবাস, ৩টি মোটরসাইকেল ও পুলিশের একটি পিকআপসহ মোট ১৩টি গাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর পাঠানটুলা এলাকায় নবাবী মসজিদের পাশে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আগুনে ক্ষতির পরিমাণ প্রায় ৩ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস সিলেট বিভাগের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভুইয়া গণমাধ্যমকে জানান, আগুন লাগার খবর পাওয়ার পর প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। মোট ৮ ইউনিটের প্রায় ১ ঘণ্টা ২০ মিনিটের চেষ্টায় রাত তিনটা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, ‘ঢাকা অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস’ নামের গাড়ি মেরামত, ডেন্টিং ও পেইন্টিংয়ের দোকানে থাকা অন্তত ১০টি গাড়ি পুরোপুরি পুড়ে যায়। আগুনের তীব্রতায় ভেতরে থাকা গাড়ির ইঞ্জিন সিলিন্ডারও বিস্ফোরিত হয়েছে। পাশাপাশি আশপাশের আরও দুটি ব্যবসাপ্রতিষ্ঠান আগুনের ক্ষতি থেকে রক্ষা পায়নি।
