নওগাঁয় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও গণমাধ্যমকর্মীদের সাথে মত বিনিময়।

প্রকাশিত: 07 Jan 2026, 19:42
নওগাঁয় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও গণমাধ্যমকর্মীদের সাথে মত বিনিময় মোঃমেহেদী হাসান জেলা প্রতিনিধি,নওগাঁঃ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নওগাঁয় দোয়া মাহফিল ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে শহরের একটি রেস্টুরেন্ট ও কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, সদর উপজেলার বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারওয়ার কামাল চঞ্চল, জেলা যুবদলের সদস্য সচিব রুহুন আমিন মুক্তার, নওগাঁ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা জাসাসের সভাপতি বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সভায় জাহিদুল ইসলাম ধলু বলেন, ক্ষমতায় গেলে কেউ যেন ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা না করেন। নওগাঁকে মাদক ও সন্ত্রাসমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে। আমের জেলা হিসেবে নওগাঁর সুনাম আরও বাড়াতে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আম সংরক্ষণের জন্য হিমাগার স্থাপন করা হবে। এছাড়াও কৃষিপ্রধান জেলা নওগাঁয় নতুন করে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান। অনুষ্ঠান শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
📘 ফেসবুক ▶️ ইউটিউব