নওগাঁর আত্রাইয়ে কবিরাজের সাপের কামড়ে যুবকের মৃত্যু।
নওগাঁর আত্রাইয়ে কবিরাজের সাপের কামড়ে যুবকের মৃত্যু
মোঃমেহেদী হাসান
জেলা প্রতিনিধি,নওগাঁঃ
নওগাঁর আত্রাইয়ে এক প্রতিবন্ধীকে ঝাড়-ফুকের মাধ্যমে চিকিৎসার সময় গলায় পেচিয়ে দেয়া বিষধর সাপের কামড়ে জয়দেব দেবনাথ (২১) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ ওঠেছে।
পুলিশ শনিবার দুপুরে জয়দেবের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
ঘটনাটি ঘটেছে নওগাঁর আত্রাই উপজেলার তিলাবদূরী গ্রামে। জয়দেব দেবনাথ ওই গ্রামের নিমাই দেবনাথের ছেলে।
জয়দেবের স্বজনরা জানান,জন্মগতভাবেই জয়দেব শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ছিল। হঠাৎ করেই নওগাঁয় জনৈক এক কবিরাজের সন্ধান পান।
ওই কবিরাজ জানায় জয়দেবকে ভাল করা যাবে।তবে গ্রামের বাড়ী বাড়ী থেকে চাল ভিক্ষা করে তিন পালি বেহুলা-লক্ষিন্দরের গান গাওয়াতে হবে । কবিরাজের কথা মতো বৃহস্পতিবার গ্রামে ভিক্ষা করে চাল তোলার পর মন্দির প্রাঙ্গনে বেহুলা-লক্ষিন্দরের গানের আয়োজন করে। প্রথম দিনে গলায় সাপ পেচিয়ে ঝাড়-ফুক করে। এর পর গানের দ্বিতীয় দিন শুক্রবার রাতে গান চলাকালে রাত অনুমান আড়াইটা নাগাদ আবারো জয়দেবের গলায় বিষধর সাপ পেঁচিয়ে দেয় কবিরাজ।
এর কিছু পরেই সাপ জয়দেবকে কামড় দেয়। পরে ঝাড়-ফুক করেও জয়দেবকে সুস্থ্য করতে পারেনি। ফলে ওই রাতেই মৃত্যুর কোলে ঢলে পরে। এসময় কবিরাজ পালিয়ে যায়।
জয়দেবের বাবা নিমাই দেবনাথ বলেন কথিত ওই কবিরাজের নাম ঠিকানা জানা নেই। তবে শুনেছি মান্দা উপজেলার কোন এক গ্রামে তার বাড়ী। তার ফোন নাম্বার পর্যন্ত তাদের কাছে নেই। তিনি বলেন,গলায় সাপ পেচিয়ে ঝাড়-ফুক করার সময় আমি ছিলামনা। তবে আমার ধারনা সাপের কামড়েই হয়তো জয়দেব মারা গেছে।
এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন,ঘটনার খবর পেয়ে জয়দেবের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় জয়দেবের বাবা নিমাই দেবনাথ একটি ইউডি মামলা দায়ের করেছেন। তবে সাপের কামড়েই জয়দেবের মৃত্যু হয়েছে নাকি অন্য কারনে জয়দেব মারা গেছে তা জানার জন্যই ময়না তদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট পাবার পর পরবর্তি পদক্ষেপ নেয়া হবে।
