চট্টগ্রাম নগরের তিন আসনে বিএনপি-জামায়াতের লড়াই।

প্রকাশিত: 10 Feb 2026, 21:52
চট্টগ্রাম নগরের তিন আসনে বিএনপি-জামায়াতের লড়াই রিপোর্ট জাহিদ হাছান চট্টগ্রাম প্রতিনিধী। জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের আসনগুলোতে বরাবরই ভালো ফল করে আসছিল বিএনপি; কিন্তু ২০০৮ সালে অনুষ্ঠিত সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে হোঁচট খায় দলটি। তখন চারটি আসনেই হেরে গিয়েছিলেন দলের প্রার্থীরা। এবারের ভোটের লড়াইয়ে জিতে আসনগুলো পুনরুদ্ধার করতে চায় বিএনপি। ভোটাররা বলছেন, লড়াইয়ে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা। আগামী বৃহস্পতিবার দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। চট্টগ্রামে ১৬টি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম নগরে রয়েছে চারটি। চট্টগ্রাম নগরের চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৬ প্রার্থী। ১৭ দলের পাশাপাশি নির্বাচনী লড়াইয়ে আছেন স্বতন্ত্র প্রার্থীরাও। তবে নির্বাচনে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে। চট্টগ্রাম নগরের চারটি আসনে মোট ভোটার ১৯ লাখ ৫৮ হাজার ৮১৪ জন। এবার ৫৮২টি ভোটকেন্দ্র রয়েছে। তিন আসনে লড়াইয়ের আভাস চট্টগ্রাম নগরের চারটি আসনের মধ্যে তিনটিতে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীদের মধ্যে লড়াইয়ের আভাস পাওয়া গেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী, সাধারণ ভোটার, দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের নির্বাচনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া-চকবাজার), চট্টগ্রাম-১০ (হালিশহর-ডবলমুরিং-পাহাড়তলী-খুলশী) এবং চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা-ইপিজেড) আসনে দুই দলের প্রার্থীর মধ্যে লড়াই হবে। তবে চট্টগ্রাম-৮ আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের দুজন প্রার্থী (জামায়াতে ইসলামী ও নাগরিক পার্টি) থাকায় সুবিধাজনক অবস্থানে আছেন বিএনপির প্রার্থী। চট্টগ্রামের গুরুত্বপূর্ণ আসন হচ্ছে চট্টগ্রাম-৯। চট্টগ্রামের রাজনীতিতে আলোচনা রয়েছে, এই আসনে যে দল জেতে, সে দলই সরকার গঠন করে। এখানে বিএনপির প্রার্থী হয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ আবু সুফিয়ান। জামায়াতে ইসলামীর প্রার্থী নগরের সাংগঠনিক সম্পাদক এ কে এম ফজলুল হক। বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান আগে নির্বাচন করলেও এ কে এম ফজলুল হকের এটি প্রথম নির্বাচন।
📘 ফেসবুক ▶️ ইউটিউব