নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই ৪১ বিজিবির ২০ প্লাটুন সদস্য মোতায়েন। 

প্রকাশিত: 05 Feb 2026, 18:30
নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই ৪১ বিজিবির ২০ প্লাটুন সদস্য মোতায়েন  ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর ২০ প্লাটুন সদস্য রাঙামাটি ও চট্টগ্রাম জেলার ৭ টি উপজেলায়  মোতায়েন করা হয়েছে। তৎমধ্যে রাঙামাটি জেলার কাপ্তাই, কাউখালী, রাজস্থলী, জুরাছড়ি ও  বিলাইছড়ি উপজেলা এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া ও রাউজান উপজেলায় গত ৩১ জানুয়ারি হতে বিজিবির সদস্যরা  আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন বলে জানান কাপ্তাই ব্যাটালিয়ন(৪১ বিজিবির)  অধিনায়ক লে: কর্নেল কাওসার মেহেদী সিগন্যালস। তিনি আরোও জানান,   ৭টি উপজেলায় ২৬৭ টি ভোট কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালনের নিমিত্তে স্থাপিত ৭টি বেইজ ক্যাম্পে এই  ২০ প্লাটুন বিজিবি সদস্য কাজ করছেন। মোতায়েনকৃত প্লাটুন সমূহ যে কোন ধরনের নাশকতামূলক ঘটনা এড়ানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ স্থানে চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে যানবাহন এবং সন্দেহজনক ব্যক্তিদের নিয়মিত তল্লাশী করছে এবং আধুনিক প্রযুক্তির অংশ হিসেবে টহলে ড্রোন এবং বডি অর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। প্রতিটি ভোট কেন্দ্রে দিবা-রাত্রি টহল পরিচালনার মাধ্যমে সার্বক্ষনিক নজরদারিতে রাখা হয়েছে। বিশেষ করে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর দায়িত্বাধীন রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলা দুটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা এবং ভোট কেন্দ্রের সংখ্যা বেশি হওয়ায় গুরুত্ব বিবেচনা করে সেনাবাহিনী, অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী এবং বেসামরিক প্রশাসনের সাথে সমন্বয় রেখে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যাতে করে কোনো এলাকা অনিরাপদ বা অরক্ষিত না থাকে।  বিজিবির অধিনায়ক আরোও জানান,   কেউ এলাকার ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করতে না পারে এ ব্যাপারে প্রেষণামূলক বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি ভোটারদেরকে ভোট দানে উদ্বুদ্ধ করা হচ্ছে। বিজিবি সদর দপ্তর সুত্রে জানা যায়,  দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্তকে সম্পূর্ণ সুরক্ষিত রেখেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারেরও অধিক সংখ্যক বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করছে। এরই ধারাবাহিকতায় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) নির্বাচনকে কেন্দ্র করে তার নিজস্ব ৫৪ কিঃ মিঃ সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে। এই সময়ে যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে সে বিষয়ে কাপ্তাই ব্যাটালিয়ন অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে।
📘 ফেসবুক ▶️ ইউটিউব