মোংলায় মাদক সরবরাহ চক্রের সন্ধান, ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার এক।
মোংলায় মাদক সরবরাহ চক্রের সন্ধান, ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার এক
মোংলা বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোংলায় মাদক সরবরাহ চক্রের তৎপরতার তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি ২০২৬) সকালে মোংলা থানাধীন দিগরাজ বাঁশ বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে দিগরাজ বাঁশ বাজার সংলগ্ন এলাকায় মাদক লেনদেনের অভিযোগ আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সকাল আনুমানিক ১১টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও মোংলা থানা পুলিশের সমন্বয়ে একটি যৌথ দল অভিযান শুরু করে। তল্লাশিকালে প্রায় ৩২ হাজার টাকা মূল্যমানের ১ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মোঃ শহিদুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক শহিদুল ইসলাম দিগরাজ বাঁশ বাজার এলাকার বাসিন্দা এবং মোঃ সাইফুল ইসলামের ছেলে। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায়, উদ্ধারকৃত গাঁজার উৎস ও সম্ভাব্য সরবরাহ নেটওয়ার্ক চিহ্নিত করতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক পাচার ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত চক্রকে আইনের আওতায় আনতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
স্থানীয়দের দাবি, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতা বজায় থাকলে এলাকায় সক্রিয় চক্রগুলোর কার্যক্রম দুর্বল হবে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অভিযান অব্যাহত থাকবে।
