২৩ মে ২০২৬, ০৯:৪৪ বিকেল
অপরাধ

ভেঙে পড়েছে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশি সেবা!

ভেঙে পড়েছে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশি সেবা! পর্যাপ্ত যানবাহনের অভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি মাদক ও অপরাধ দমনে ব্যাহত কার্যক্রম। মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশনা দিয়েছ...

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১২:৫১ বিকেল আপডেট: ২১ মে ২০২৬, ১০:০০ সকাল পঠিত: ২
ভেঙে পড়েছে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশি সেবা!
ভেঙে পড়েছে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশি সেবা!

পর্যাপ্ত যানবাহনের অভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি মাদক ও অপরাধ দমনে ব্যাহত কার্যক্রম।

মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশনা দিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ শাহীনূর আলম

নারায়ণগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল সিদ্ধিরগঞ্জ থানার পুলিশি সেবা কার্যক্রম বর্তমানে চরমভাবে ব্যাহত হচ্ছে।

পর্যাপ্ত সংখ্যক যানবাহন না থাকায় সিদ্ধিরগঞ্জ থানার জরুরি সেবা, টহল কার্যক্রম ও অপরাধ দমন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

ফলে সিদ্ধিরগঞ্জ থানা এলাকাজুড়ে মাদকসেবন ও জমজমাট মাদক ব্যাবসা, চুরি, ছিনতাই, কিশোরগ্যাং অপরাধসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।

এ অবস্থায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের নিয়মিত টহল কার্যক্রম ব্যাহত হওয়ায় জননিরাপত্তা হুমকির মুখে পড়েছে।

বাধ্য হয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সদস্যরা বর্তমানে ভাড়া করা লেগুনা, ইজিবাইক ও সিএনজি ব্যবহার করে টহল দিচ্ছেন যা একদিকে ঝুঁকিপূর্ণ, অন্যদিকে পুলিশ বাহিনীর ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করছে।

সিদ্ধিরগঞ্জ থানার কর্মকর্তা-কর্মচারীরা জানান, যানবাহনের সংকটের কারণে তারা তাৎক্ষণিক অভিযান ও জরুরি সেবা প্রদান করতে হিমশিম খাচ্ছেন।

ফলে অনেক ক্ষেত্রেই অভিযানে দেরি হচ্ছে, অপরাধীরা সুযোগ নিচ্ছে।

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীনূর আলম বলেন,

“আমরা জনগণের সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
যানবাহনের সংকট থাকায় লেগুনা ও সিএনজি ব্যবহার করে টহল দিচ্ছি।

তবে দ্রুত নতুন গাড়ি বরাদ্দ পেলে আমাদের কার্যক্রমের গতি ও দক্ষতা বহুগুণে বৃদ্ধি পাবে।”

তিনি আরও বলেন,
“সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় মাদক ব্যবসায়ী ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর অভিযান চলছে।

ইতোমধ্যে একাধিক অভিযানের প্রস্তুতি নেওয়া হয়েছে। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত তাদের অতি শিগগিরই গ্রেফতার করা হবে, এতে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।”

পুলিশ সূত্র জানায়, গত বছরের রাজনৈতিক অস্থিরতায় সারা দেশে পুলিশের প্রায় দুই হাজারেরও বেশি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হয়।

এর মধ্যে খুব অল্প সংখ্যক যানবাহন মেরামত করা সম্ভব হয়েছে।

ফলে বর্তমানে সারাদেশের মতো সিদ্ধিরগঞ্জ থানাতেও গাড়ি সংকট প্রকট আকার ধারণ করেছে।

বিশেষ করে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের অভাব টহল কার্যক্রমকে সবচেয়ে বেশি বাধাগ্রস্ত করছে।

এর ফলে পুলিশ সদস্যরা প্রায়ই নিজেদের ঝুঁকি নিয়ে ভাড়া করা পরিবহনে অভিযানে অংশ নিচ্ছেন।

সিদ্ধিরগঞ্জ থানার এলাকার সচেতন নাগরিকরা বলেন,
“আমরা বিপদে পড়লে পুলিশকে খবর দিই, কিন্তু যদি পুলিশই বলে ‘গাড়ি নেই, আসছি’, ততক্ষণে অপরাধী পালিয়ে যায়।

এতে অপরাধ দমন কঠিন হয়ে পড়ছে।”

রিপোর্ট জয়নুল ইসলাম নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি।